Webinar on Budget 2022-23


কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আজ ২৮ জুন জাতীয় বাজেট ২০২২-২৩ এর উপর এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “বাংলাদেশের জাতীয় বাজেট ২০২২-২৩ ঃ কতটুকু কৃষি এবং খাদ্য ব্যবস্থা সহায়ক?  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, এম. পি.। ওয়েবিনারে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ হাসনীন জাহান। মূল প্রবন্ধে জাতীয় বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে কৃষির বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট নিয়ে পুর্নাংগ বিশ্লেষণ করা হয়। বাজেটে কৃষি খাতের বরাদ্দ সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে জোর দেয়া হয় এবং কোভিড-১৯ সংকট, প্রাকৃতিক দূর্যোগ এবং চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় কৃষিখাতের বাজেট কি ভূমিকা রাখতে পারে তার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি খাতের বাজেট বরাদ্দের যৌক্তিকতা তুলে ধরেন এবং কৃষি নিয়ে সরকারের বিভিন্ন কর্ম -পরিকল্পনা বিস্তারিত বর্ণনা করেন। তিনি উপকূলীয় কৃষি ও হাওড় কৃষির বিভিন্ন সমস্যা, উদ্যোক্তা তৈরি, কৃষি বাজার ব্যবস্থা, গুদামজাতকরণ, ভ্যালু এডিশন, কৃষি প্রণোদনা, যান্ত্রীকিকরণ ইত্যাদি নিয়ে মূল্যবান তথ্য প্রদান করেন। মাননীয় কৃষি মন্ত্রী বলেন, আমরা খাদ্য নিরাপত্তার জন্য বিদেশের উপর কোনক্রমেই নির্ভরশীল হতে চাই না। কৃষি বর্তমান সরকারের অগ্রাধিকারের ১ নম্বর সেক্টর এবং এটি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানী যুক্ত ছিলেন। ওয়েবিনারে অন্যান্য আলোচকবৃন্দ বাজেটের বরাদ্দ যযথাযথভাবে কাজে লাগাতে কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, জৈব পদ্ধতিতে চাষাবাদ ও মাটির গুনাগুণ রক্ষায় নজর দেওয়া, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া, ধান-চাল সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি, কৃষির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণায় গুরুত্ব বৃদ্ধি, হাওরের বন্যা মোকাবেলায় শষ্য বীমা চালু, কৃষি পণ্যের আপেক্ষিক আয়-ব্যয় পর্যালোচনা করে আমদানি-রফতানি কৌশল নির্ধারণ, রফতানি নির্ভর খাতগুলোতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, ইত্যাদি বিষয়ে নানান মতামত দেন। ওয়েবিনারটি মডারেট করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ডঃ এম এ সাত্তার মন্ডল, যিনি কৃষি অর্থনীতিবিদ হিসেবে চালের জাত উদ্ভাবনে ভোক্তার চাহিদা বিবেচনায় নেওয়া, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, কৃষি পণ্যের বাজার ব্যবস্থাকে সমৃদ্ধ করা, ইত্যাদি বিষয়ে নিজের মতামতও ওয়েবিনারে তুলে ধরেন। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ওয়েবিনারে যোগদান করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। সবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে দিক নির্দেশনামূলক বাজেট বিষয়ক একটি সফল ওয়েবিনারের সমাপ্তি হয়। 

Publish Date :  29 Jun, 2022